"বরাকের ভাষা- সংগ্রামের কবিতা দ্বিভাষিক সংকলন ( Poems on The Language Movement In Barak Valley, A bi-lingual Anthology) " -এক সংক্ষিপ্ত আলোকপাত
এক স্বতন্ত্র প্রবাহ বরাক উপত্যকার উনিশের কবিতা। তাই বরাক উপত্যকার কবিতার ধারা পশ্চিমবঙ্গের কবিতার ধারা থেকে বিশেষভাবে আলাদা। উনিশের চেতনা অজস্র বাংলা কবিতার জন্ম দিয়েছে, বাংলা ভাষা ও কবিতা চর্চার ক্ষেত্রে বরাক উপত্যকার এই কবিতা মাতৃভাষা চেতনার উজ্জীবনের ইতিহাসে বিশেষ মাত্রার সংযোজন। বাংলা ভাষাও সংস্কৃতির অস্তিত্বরক্ষার ইতিহাসে তাই উনিশে মে বিশেষ দিশার চিহ্নসূত্র।
Shakespeare Society of Eastern India, Silchar Chapter and Writer's Co-operative, Kolkata থেকে শ্রদ্ধেয় সুবীর কর, দীপঙ্কর পুরকায়স্থ, দীপঙ্কর কর, অমিতাভ রায়, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় , দেবাশীষ চট্টোপাধ্যায়ের সম্পাদনা ও তপু বিশ্বাসের সহযোগী সম্পাদনায় এক দ্বিভাষিক কবিতা সংকলন "বরাকের ভাষা সংগ্রামের কবিতা বা Poems on The Language Movement In Barak Valley প্রকাশিত হয় উনিশে মে, ২০০২ সালে বরাক উপত্যকার একগুচ্ছ কবির ভাষা দিবসের কবিতা নিয়ে, এইটি মূলত ভাষা দিবসের ওপর লেখা বাংলা কবিতার ইংরেজি অনুবাদ সংকলন। এই ধরনের একটি উল্লেখযোগ্য কাজ করা হয়েছে ২৪ বছর আগে, নিশ্চয়ই বাংলা ভাষাচেতনার কবিতাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, বৃহত্তর পরিসরে কবিতাপাঠকের দরবারে পৌঁছে দেওয়ার জন্যে।
সংকলনের কাজটি করা হয়েছে সুচারুভাবে, ৭০ পৃষ্ঠার একটি কবিতা পুস্তক, নিগূঢ় কালো প্রচ্ছদ, উজ্জ্বল তমসার বুকে সাদা অক্ষরের লেখা বইয়ের নাম ও সম্পাদকমণ্ডলীর নাম অন্ধকার আকাশের বুকে যেন দীপ্যমান নক্ষত্রমালা।
সব কবিই বরাক উপত্যকার এবং অনুবাদ করেছেন যাঁরা তাঁরাও এই শহিদ ভূমির, কেউ কেউ প্রখ্যাত কবি ও নামী ব্যক্তিত্ব। যেহেতু ভাষা আন্দোলনের আবেগের ভিতের ওপর দাঁড়িয়ে আছে প্রতিটি কবিতা, তাই অনুবাদ করার ব্যাপারটিও বেশ দুরূহ। তবু মাতৃভাষা চেতনার এই কবিতাগুলো বৃহত্তর কবিতা পাঠকের কাছে পৌঁছে দিতে এই ধরনের প্রয়াস নেওয়ার কাজটি সুচারুভাবে সম্পন্ন করার সংকল্প নেওয়া হয়েছে প্রকাশনার পক্ষ থেকে, Preface এ বলা হয়েছে -" This anthology of poems on the struggle for a distinct and untainted cultural identity, written by poets of this valley, and their English translation is a pioneering attempt to make available to a wider range of readers.... ", বাংলা প্রাককথনে বলা হয়েছে, ".. অধিকাংশ কবিতার মূল রয়েছে একটি নির্ধারিত, অমোঘ আবেগ সংশ্লেষের মধ্যে। ফলে অনুবাদকর্ম যথেষ্ট জটিল হয়ে পড়েছে। Source Language এবং Target Language এর সমন্বয় মাঝে মাঝে খুব দুরূহ মনে হয়েছে। কিন্তু অনুবাদক কাজটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে করেছেন। "
যাঁদের কবিতা সংকলিত হয়েছিল তাঁদের মধ্যে অনেকেই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু মাতৃভাষা রক্ষার জন্যে তাঁদের কবিতা উনিশের চেতনার এক ঐতিহাসিক স্বাক্ষর। বইটির প্রচার ও প্রসার কতখানি হয়েছে তা জানা নেই। যাঁদের কবিতা এই সংকলনটিতে স্থান পেয়েছে - বিশিষ্ট কবি ছবি গুপ্তা, দেবেন্দ্রকুমার পালচৌধুরী, জন্মজিৎ রায়, অতীন দাস, বিশ্বজিৎ চৌধুরী, চন্দ্রিমা দত্ত, চামেলী কর, পার্থপ্রতিম মৈত্র, দিগ্বিজয় পাল, হীরেন্দ্র কুমার গুপ্ত, ভাস্করজ্যোতি দেব, দিলীপকান্তি লস্কর, দীপঙ্কর নাথ, জিতেন্দ্র নাগ, স্বর্ণালী বিশ্বাস, বিজয় কুমার ভট্টাচার্য, সুধীর সেন, শক্তিপদ ব্রহ্মচারী, অমিতাভ দেব চৌধুরী, সুবীর কর, শেলী দাস চৌধুরী, আশীষ রঞ্জন নাথ, করুণা রঞ্জন ভট্টাচার্য, মৃদুলা ভট্টাচার্য, ব্রজেন্দ্র কুমার সিংহ, তপোধীর ভট্টাচার্য, স্মৃতি পাল, আবুল হোসেন মজুমদার, অনুরূপা বিশ্বাস, সুজিত দাস, লুৎফা আরা চৌধুরী, বিজিৎ কুমার ভট্টাচার্য, মলয় কান্তি দে, রামেন্দ্র দেশমুখ্য, তুষার কান্তি নাথ, সঞ্জীব কুমার দাস, জালাল উদ্দিন লশকর, পীযূষ কান্তি দাস, দিদারুল ইসলাম। এখানে যাঁদের কবিতা সংকলিত হয়েছে তাঁদের মধ্যে কেউ কেউ অনুবাদক হিসেবেও রয়েছেন, এছাড়া যাঁরা অনুবাদ করেছেন Sukalpa Bhattacharjee, Dipankar Purkayastha, Dipankar Kar, Jahar Kanti Sen, Jyotilal Chowdhury, Dipankar Purkayastha।
কবি জিতেন্দ্র নাগের ( কবি জিতেন নাগ) একটি কবিতা থেকে চারটি পংক্তি উদ্ধৃত করছি, কবিতাটির নাম "গণতন্ত্র" - " তার দিন কলরবে/ আত্মক্ষয়ে রাত।/বুকের চৌহদ্দি জুড়ে হাওয়া উতরোল/ ক্লান্ত হাতে হাপর টানছে রসময়- / বর্ণমালার প্রেমে ভাই তার শহিদ হয়েছে।.. " কবিতাটি অনুবাদ করেছেন বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্ব Jyotilal Chowdhury। " Democracy " - " His days spent in confused uproar /And the nights in anguish / Rasamay begins his hard and hectic day/ The restless breeze soothes his heart, heavy/ With ceaseless work. /His long - weary hands lay / Pensive but proud of his brother's martyrdom/ For the right to language and freedom..... "।
আরেকটি কবিতা তুলে ধরছি। স্বর্ণালী বিশ্বাসের "একুশ আমার উনিশ আমার " - " হাজারটা দিন / হাজারটা রাত, বাঁচাতে বাঁচাতে /মরে গেলাম,/ নিজের সুখের এবং দুখের / সপ্তকাহন গেয়ে গেলাম-/ তোমরা যারা বুক পেতেছো / হাড় দিয়েছো বজ্রগড়ার / একুশ আমার, উনিশ আমার,/ আজকে সেলাম।/ আজকে সেলাম। / আমি মাকে চিনি, বাপকে চিনি/ নিজের বুকের শব্দ শুনি/ তোমরা যারা জিভ দিয়েছো/ স্বর দিয়েছো কথা বলার,/ সেই ভাষারই কবচ পরে / যুঝতে এলাম, বাঁচতে এলাম/ একুশ আমার, উনিশ আমার,/ আজকে সেলাম। / আজকে সেলাম। ... "। কবিতাটির অনুবাদ করেছেন Sukalpa Bhattacharjee -" A thousand days and nighis of life/ I lived, like death/ Singing ballads of my own/ Joys and miseries./ You who laid down your life/ for us,/Gave us weapons of / Your blood and bone/Hail 19th May, / Hail 21st February, / Hail Martyars! / I know my mother,/ I know my Father, /I hear the sound of language of my heart. / You who gave us our language / of my heart. / You who gave us our tongue / Our own voice to speak / I chant the mantra of / my language / To face, to fight and/ dare to live a life/ Hail 19th May,/Hail 21 st February, / Hail Martyrs! "
বরাকের ভাষা সংগ্রামের ওপর সৃষ্ট কবিতার এই বিশেষ দিকটির ওপর এই সংক্ষিপ্ত আলোকপাত করতে গিয়ে মনে হলো যেন প্রতিটি কবিতার ভেতরের এই আদিগন্ত প্রসারণ বরাক উপত্যকার চারপাশের দেয়াল ভেঙে আবিশ্ব জুড়ে তার বার্তাকে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু আবার নিজের কাছেই ফিরে এসে রবীন্দ্রনাথের ভাষায় সেই অমোঘ শূন্যতাকেই প্রশ্ন করি - "কী আছে শেষে, পথের?"
..............................
#বিজয়া দেব।
৩রা মে, কলকাতা - ৭৮
No comments:
Post a Comment